সংসদ ভেঙে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে অভিন্ন কর্মসূচিতে রাজপথে নামতে একমত হওয়ার কথা জানিয়েছেন বিএনপি, যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা।
রোববার রাতে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বাসায় তিন পক্ষের নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্যের ৫ দফা দাবির সঙ্গে একমত হয়েছে বিএনপি।
সেখানে প্রথম দফায় রাজবন্দীদের মুক্তির বিষয়টির শুরুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়টি যুক্ত করা হয়েছে।
দেড় ঘণ্টার এ বৈঠকে ঐক্য প্রক্রিয়াকে কার্যকর করে রাজপথে আন্দোলনে নামার ওপর জোর দেন বিএনপি নেতারা।
জামাতকে বাদ দিয়ে বিএনপি নেতৃত্বাধীন বাকি ১৯ দলকে ঐক্য প্রক্রিয়ায় যুক্ত করার প্রস্তাব দিয়েছেন তারা।
আর আন্দোলন, নির্বাচন ও সরকার গঠন এ তিনটি বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত না করলে ঐক্য প্রক্রিয়া কার্যকর লক্ষ্যে এগুবেনা বলে অভিমত দেন যুক্তফ্রন্ট ও ঐক্য প্রক্রিয়ার নেতারা।
আজ-সোমবার আ স ম আব্দুর রবের বাসায় পরবর্তী বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হবে।
এরইমধ্যে নির্বাচনে বিএনপি ১০০টি আসন দেয়ার কথা বললেও তাতে আস্বস্ত হতে পারেছেন না যুক্তফ্রন্ট ও ঐক্য প্রক্রিয়ার নেতারা।
তারা দেড়শো আসনের ব্যাপারেই জোর দেবেন।
বৈঠকে বিকল্প ধারার সভাপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বা জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ছিলেন না।