রওশন এরশাদের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব-বিভেদ নেই— আমরা এক ছিলাম এক আছি আমরা এককভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন করবো জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
আমাদের মধ্যে কোনো বিভেদ নাই— জাতীয় পার্টির এখন একটাই লক্ষ্য আগামী নির্বাচনে ৩০০' আসনে প্রার্থী দিয়ে জয়ী হতে চাই জানান এরশাদ।
সোমবার সকালে রংপুরের সেনপাড়ায় নিজের স্কাই ভিউ বাড়ির সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এরশাদ বলেন, সব আসনের জন্য প্রার্থী চূড়ান্ত করা আছে— আগামী ২০ অক্টোবরের পর মহাসমাবেশের মাধ্যমে আমরা প্রার্থীদের নাম ঘোষণা করবো।
জাপা চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল— আমরা সব সময় নির্বাচন করি, এবারও করবো।
তিনি আরও বলেন, রংপুর অঞ্চল হলো জাতীয় পার্টির দুর্গ। এই দুর্গ ভাঙার কারো সাধ্য নেই।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত মেজর খালেদ আকতার, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফখর-উজ-জামান, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, যমুনা ব্যাংকের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভরসাসহ দলের জেলা, মহানগর ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এদিকে, একাদশ জাতীয় নির্বাচনে ৩০০ আসনের প্রার্থী দেয়ার পরিকল্পনা নিয়ে জাতীয় পার্টি কাজ করছে জানিয়েছেন দলটির মহাসচিব রুহুল আমীন হাওলাদার।
সোমবার দুপুরে রাজধানীর বনানী জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে ইসলামী ফ্রন্টের নেতা কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত সভায় জাপা মহাসচিব এমনটা জানান।
তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির নেতৃত্বাধীন জাতীয় সম্মিলিত জোট নিজেদের আরো সম্প্রসারণ করতে কাজ করছে।
এ জন্য জাপার পক্ষ থেকে লিয়াজো কমিটিও গঠন করা হয়েছে বলে জানান তিনি।
আগামী ২০ অক্টোবর জাতীয় সম্মিলিত জোট রাজধানীতে মহাসমাবেশও করবে জাতীয় সম্মিলিত জোট।