প্রধানমন্ত্রীর নির্দেশেই ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে-এ অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
তারা বলেন-প্রধানমন্ত্রীর বক্তব্যের আধা ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর তারেক রহমানের নেতৃত্ব ধ্বংস করতেই ড. কামাল হোসেনকে আনা হয়েছে- ব্যারিস্টার মঈনুলের এমন ফনোলাপ ফাঁসের বিষয়ে বিএনপি নেতারা বলেন, এটাও সরকারেরই ষড়যন্ত্র।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমদ নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার রাজধানীতে আলাদা আলাদা আয়োজনে তারা এসব কথা বলেন।
নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন- ব্যারিস্টার মইনুলকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তার মুক্তির দাবিও জানান তিনি।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে জাতীয় ঐক্য ফ্রন্ট নিয়ে সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
ব্যারিস্টার মইনুলের গ্রেপ্তারের ঘটনায় সরকারের সমালোচনা করেন তিনি।
সরকারের ষড়যন্ত্রেই ব্যারিস্টার মইনুলের ফোনালাপ ফাসঁ করা হয়েছে বলেও অভিযোগ বিএনপির এ নেতার।
প্রেসক্লাবের আরেক আয়োজনে চলমান রাজনৈতিক সংকট সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে, নির্বাচনের আগে সংসদ ভেঙে দিতে বলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমদ।