ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশের জনগণের মালিকানা ফিরিয়ে দেয়া হবে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের সভাপতি ড. কামাল হোসেন।
আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারই আমাদের মূল লক্ষ্য।
সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ এসব কথা বলেন নেতারা।
বুধবার দুপুর ২টায় জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশ সিলেটের রেজিস্ট্রারি মাঠে শুরু হয়। সমাবেশে উপস্থিত হন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপি, গণফোরাম,জেএসডি ও নাগরিক ঐক্যের সমন্বয়ে গঠিত এ নতুন জোট প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে মাঠে নামলো।
বিএনপির কেন্দ্রীয় সদস্য সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। সমাবেশের শুরুতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইযুম জালালী পঙ্কী।
ঐক্যফ্রন্টের স্থানীয় কর্মসূচি সমন্বয়ক ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, কর্মীদের সমাবেশে ঢুকতে বাধা দেয়া হচ্ছে।
এর আগে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা সিলেটে হযরত শাহ জালাল (রহ.) ও শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত করেন।
বুধবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৭ দফা দাবি আদায়ের লক্ষে ঐক্যফ্রন্ট নেতাকর্মীরা মাঠে নেমেছেন। এ কর্মসূচির মধ্যদিয়ে তারা নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
এদিকে, সিলেটে আজ সরকারের উন্নয়ন লিফলেট বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতা কর্মীরা। দুপক্ষের কর্মসূচি নিয়ে শঙ্কা বিরাজ করে সাধারণ মানুষের মধ্যে। তবে দুই পয়েন্টে দুই দলের কর্মসূচি হওয়ায় এ শঙ্কা উড়িয়ে দিয়েছেন মহানগর আওয়ামী লীগে সভাপতি বদর উদ্দিন আহম্মেদ কামরান।
জানা গেছে, এ সমাবেশের আগের দিন মঙ্গলবার ভোর থেকে বুধবার সকাল পর্যন্ত সিলেটে বিএনপি ও তার অঙ্গসংগঠনের ৬৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সিলেটে দুপুর ২টায় নগরীর ঐতিহ্যবাহী রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ নেতারাকর্মীরা আসতে শুরু করেন। ১৪ শর্তে সমাবেশের অনুমতি দেয় পুলিশ।
ঐক্যফ্রন্টের স্থানীয় কর্মসূচি সমন্বয়ক আলী আহমদ বলেন, আশা করছি একটি সফল সমাবেশ হবে।
সিলেটে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেন, ইতিমধ্যে সমাবেশ সফলে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। মানুষ স্বতঃস্ফুর্তভাবে এ সমাবেশে যোগ দেবেন।
এর আগে নেতারা গতকাল রাতে এবং আজ -বুধবার সকাল ৬টার দিকে সিলেটে পৌঁছান।
প্রথম সমাবেশে যোগ দিতে সকালে সিলেটে পৌঁছান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, জেএসডি সভাপতি আসম আবদুর রব ও নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।
মাজার জিয়ারতের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, জেএসডি সভাপতি আসম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, এম এ হক, খন্দকার আবদুল মোকতাদির,সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমসহ স্থানীয় বিএনপি নেতারা।
ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশে ঘিরে ড. কামাল হোসেনসহ কয়েকজন শীর্ষ নেতারা মঙ্গলবার রাতেই সিলেটে যান। ড. কামাল হোসেন, সুলতান মনসুর, মোস্তফা মহসিন মন্টুসহ কয়েকজন নেতা মঙ্গলবার রাতেই হযরত শাহজালালের মাজার জিয়ারত করেন।
গত ১৩ অক্টোবর গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় প্রেসক্লাবে জাতীয় ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। ওইদিন ঐক্যফ্রন্টের পক্ষে ৭ দফা দাবি ও ১১ দফা লক্ষ্যের কথা উপস্থাপন করা হয়। বিএনপি ছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, জাতীয় ঐক্য প্রক্রিয়া ও নাগরিক ঐক্য মিলে এ ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে।