জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের ডাকে সাড়া আওয়ামী লীগ দিয়েছে— নির্বাচনের তফসিল ঘোষণার আগেই হবে বৈঠক হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দলের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেও জানান তিনি।
সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ফ্রন্টের ৭ দফা আর ১১টি লক্ষ্যের যে দাবি, তার জন্য আলোচনা পর্যন্ত অপেক্ষা করতে হবে— উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার দরজা কারো জন্যই বন্ধ না। জাতির জন্য 'সারপ্রাইজ' অপেক্ষা করছে।
ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভার বৈঠকের পর দলের নেতাদের সঙ্গে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী রোববার রাতে জাতীয় ঐক্য ফ্রন্টের দেয়া চিঠি নিয়ে কথা বলেন। কোনো পূর্বশর্ত বা চাপের কাছে নতি স্বীকার নয়, সংলাপেই রাজি আওয়ামী লীগ। আর এ বৈঠকে দলের নেতৃত্ব দেবেন সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ এ সাধারণ সম্পাদক বলেন, তফসিল ঘোষণার আগেই সংলাপের সম্ভাবনা রয়েছে।
ফ্রন্টের যে ৭ দফা আর ১১টি লক্ষ্য এতদিন মানা হবে না বলে যে কথা বলা হচ্ছিলো আওয়ামী লীগের পক্ষ থেকে সে ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, আলোচনার পর সেটি বোঝা যাবে।