সংলাপের জন্য জাতীয় ঐক্যফ্রন্টকে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে দাওয়াত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই দাওয়াতের চিঠি নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় যান আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ।

ঐক্যফ্রন্টকে গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান বলেন, ২৮ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড.কামাল হোসেনের সই করা একটি চিঠি প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হয়েছে। তা অফিসিয়ালি গ্রহণ করা হয়েছে এবং এ চিঠির জন্য প্রধানমন্ত্রী ধন্যবাদ দিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে একটি অফিসিয়াল বক্তব্য আমার মাধ্যমে প্রধানমন্ত্রী ড. কামাল হোসেনের কাছে পাঠিয়েছেন।
তিনি বলেন, আগামী ১ নভেম্বর সন্ধ্যা ৭টায় গণভবনে তাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেই আমন্ত্রণ চিঠিটি আমি সরাসরি ড. কামাল হোসেন সাহেবের হাতে তুলে দিয়েছি।
এর আগে গত রোববার জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে অর্থবহ সংলাপের জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বরাবর চিঠি দেন ড. কামাল হোসেন।
এরপর সোমবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।