কোনো চাপে পড়ে আলোচনায় বসছে না আওয়ামী লীগ- শেখ হাসিনার দরজা সবার জন্য খোলা বলে জানিয়েছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্টকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ আলোচনা হবে খোলামেলা। জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা নিয়ে আলোচনা হতে পারে। আবার ১১ দফা লক্ষ্য নিয়েও আলোচনা হতে পারে।
তিনি আরো বলেন, আলোচনার বিষয়বস্তু নিয়ে আমরা কোনো বিধিনিষেধ দেইনি।
কোনো চাপের কাছে- আন্দোলনের মুখে নতি স্বীকার করে তো আওয়ামী লীগ সংলাপে বসছে না—উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ড. কামাল সংলাপের জন্য চিঠি পাঠিয়েছেন। গতকাল মন্ত্রীসভার বৈঠক শেষে অনানুষ্ঠানিক আলোচনায় প্রধানমন্ত্রী সংলাপের বিষয়ে তার মতামত জানান।
ঐক্যফ্রন্টের দাবিদাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, তারা যেসব দাবি ও লক্ষ্যের কথা বলছে এর অনেকগুলোই নির্বাচন কমিশন ও আদালতের এখতিয়ারে।
সংলাপে আওয়ামী লীগের কারা কারা থাকবেন এমন প্রশ্নে জবাবে দলের এ সাধারণ সম্পাদক বলেন, ঐক্যফ্রন্ট পক্ষ থেকে আগে লিস্ট পাঠাক। সেই অনুযায়ী বৈঠকে আওয়ামী লীগের কারা কারা থাকবেন তা নির্ধারণ করা হবে।
সংলাপে জামাতের কোনো প্রতিনিধি থাকতে পারে কি-না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নিবন্ধিত দলগুলোই থাকবে বলে আশা করি।