বিএনপিকে নেতৃত্বশূন্য করতেই তাদের পরিবর্তিত গঠনতন্ত্র গ্রহণ না করার নির্দেশনা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলের নেতারা।
তারা বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ছাড়া নির্বাচনে অংশ নেবে না বিএনপি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে দলের পক্ষ থেকে গণ অনশন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্য নেতারাও।
মহানগর নাট্যমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে উঠে আসে এসব কথা।
অনুষ্ঠানে বিএনপি নেতা মির্জা আব্বাস ও খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে নানা রকমের ষড়যন্ত্র করা হচ্ছে।
মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়াকে ছাড়া কোনো ধরনের নির্বাচন হতে দেয়া হবে না।
বিএনপি চেয়ারপারসনকে মুক্ত করে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর।
বিকেলে দলের সিনিয়র নেতাদের পানি খাইয়ে অনশন ভঙ্গ করান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ।