ঢাকা থেকে রাজশাহী অভিমুখে রোড মার্চের কর্মসূচি স্থগিত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে পূর্বঘোষিত জনসভা অনুষ্ঠিত হবে—বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেশের চলমান রাজনীতি, আসন্ন জাতীয় নির্বাচন ও আন্দো লন নিয়ে কথা বলতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক আহ্বান করা হয়েছে।
এর আগে বুধবার দুপুরে গণভবনে সংলাপের পর বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসভবনে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেছিলেন, ‘আমরা বৃহস্পতিবার রোড মার্চ করে রাজশাহী যাব। শুক্রবার সেখানে জনসভা করব।’
এ ঘোষণার কয়েক ঘণ্টা পরই ঐক্যফ্রন্ট কর্মসূচি পরিবর্তন করল।
বুধবার বেলা ১১টায় গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দ্বিতীয় দফা সংলাপ শুরু হয়ে দুপুর ২টার দিকে শেষ হয়।