নির্বাচন পেছানোর দাবিতে ড. কামালের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট বুধবার নির্বাচন কমিশনে (ইসি) যাবে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক হয়।
ওই বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আগ্রহী নয় বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোট পেছানোর দাবিতে ইসিতে আগামীকাল যাওয়া হবে।
তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, তা করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তফসিল ঘোষণার দাবি জানানো হয়েছিল কিন্তু তা করা হয়নি এতে আমরা অত্যন্ত হতাশ বলে নিজের অভিমত ব্যক্ত করেন।
মির্জা ফখরুল বলেন, ইসি সুষ্ঠু নির্বাচন পরিচালনায় আগ্রহী নয়। তফসিল এক মাস পেছানোর দাবি অন্তত জরুরি ভোট গ্রহণের যে তারিখ নির্ধারণ করা হয়েছে, সে সময় বড়দিনের ছুটি থাকবে। বিদেশি পর্যবেক্ষকদের এখানে আসার সুযোগ থাকবে না। এগুলোসহ বিভিন্ন বিষয়ে কথা বলতে আগামীকাল বুধবার দুপুর ১২টায় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে একটি দল নির্বাচন কমিশনে যাবে।
জানা গেছে, পরে ১৬ নভেম্বর প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বৈঠক করবে ঐক্যফ্রন্ট এরপর ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গেও বসার কথা রয়েছে ।
বৈঠকে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল, ড. কামাল হোসেন, মোস্তফা মহসিন মন্টু, সুলতান মোহাম্মদ মনসুর, সুব্রত চৌধুরী প্রমুখ। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।