একাদশ জাতীয় সংসদ নির্বাচন একমাস পেছানোর দাবি বিবেচনার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। বুধবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় ঐক্যফ্রন্টের মুখপাত্র এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোটের তারিখ ৩ সপ্তাহ পেছানোসহ ঐক্যফ্রন্টের দাবিগুলো নির্বাচন কমিশন বিবেচনার আশ্বাস দিয়েছে।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন তিন সপ্তাহ পিছিয়ে দেয়ার দাবি করেছিলাম। কমিশন আলোচনা করে এ ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন। এছাড়াও সেনা মোতায়েন, ইভিএম ব্যবহার না করা এবং মামলা-গ্রেফতার বন্ধসহ বিভিন্ন দাবি বিবেচনার আশ্বাস দিয়েছে ইসি।
তিনি বলেন, ভোট কেন্দ্রের ভেতর থেকে গণমাধ্যমকে সরাসারি সম্প্রচার করতে অনুমতি দিতে চায় না ইসি।
এর আগে বিকেল সাড়ে ৩টায় ইসির সঙ্গে বৈঠকে বসেন ঐক্যফ্রন্টের নেতারা। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুনঃতফসিলসহ সামগ্রিক বিষয়ে আলোচনার জন্য ইসিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির খন্দকার মোশারফ হোসেন, মওদুদ আহমদ, আবদুল মালেক রতন, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মুনটু, মোকাব্বির খান, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, এস এম আকরাম, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো. মনসুর আহমদ অংশ নিয়েছেন।
পুনঃনির্ধারিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোটের দিন ৩০ ডিসেম্বর।
অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ছাড়াও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ ইসির সম্মেলন কক্ষে এ বৈঠকে অংশ নেন।