বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নির্বাচনে অংশগ্রহণ করবে কি-না তা সরকারের ওপর নির্ভর করছে- নির্বাচন কমিশনের (ইসি) কোনো নিয়ন্ত্রণ নাই বলে মস্তব্য করেছেন জোটের প্রধান সমন্বয়ক এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।
বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নয়াপল্টনে সহিংসতার কথা উল্লেখ করে অলি আহমদ বলেন, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নির্বাচনে অংশগ্রহন করতে চাই। তবে নির্বাচন কমিশন এখন আওয়ামী লীগের প্রতিনিধি হিসাবে কাজ করছে। হেলমেট বাহিনী দিয়ে নির্বাচন বানচালসহ নেতাকর্মীদের গ্রেপ্তার করে নির্বাচনে লেভেল প্লেইন ফিল্ড তৈরিতে অনিশ্চয়তা সৃষ্টি করছে।
তিনি আরো বলেন, জাতীয় রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন নির্বাচনী তফসিল ঘোষণার পর কোনো রাজনৈতিক মামলা দেয়া যাবে না। রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তার করা হবে না এবং গায়েবি ও মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হবে। তবে বাস্তবতা হলো শত শত রাজনৈতিক ও গায়েবি মামলা হচ্ছে। আর হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মীকে আসামি করে ঘর-বাড়ি ছাড়া করা হয়েছে।