গত ২০১৪ সালের মত এবারও ভোট বর্জনের মত কোনো সিদ্ধান্তে না যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
তিনি বলেন-একবার ভোট বর্জন করে অনেক খেশারত দিতে হয়েছে এবার আর ভোট বর্জন নয়।
সরকার অসাংবিধানিকভাবে ক্ষমতায় টিকে আছে বলেও সমালোচনা করেছেন তিনি।
ড. কামাল বলেন-গত ৫ বছর ধরে তারা ভাওয়াতাবাজি করে ক্ষমতায় টিকে আছে।
আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ঐক্যফ্রন্ট আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে।
গণঅভ্যুথ্থানের মাধ্যমে সরকারের পরাজয় ঘটনো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আইনজীবী সমাবেশ এসব কথা বলেন তারা।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট আয়োজিত সমাবেশে যোগ দেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, জোটের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিশিষ্ট আইনজীবীরা।
সংবিধানের দোহাই দিয়ে সরকার ৫ বছর ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে বলে অভিযোগ করেন ড. কামাল হোসেন।
যে কোনো পরিস্থিতিতেই নির্বাচন বয়কটের বিপক্ষে ঐক্যজোট—এ কথা জানিয়ে তিনি বলেন-যত বাধাই আসুক জনগণকে ভোট দিতে উদ্ধুদ্ধ করতে হবে।
সুষ্ঠু নির্বাচন ও ভোট জালিয়াতি ঠেকাতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বানও জানান বিশিষ্ট এই আইনজীবী।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জোটকে এগিয়ে নিতে ড. কামালের প্রতি আহ্বান জানিয়েছেন বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্প্রতি কারাগারে দেখা করতে গেলে খালেদা জিয়া দলের নেতাদের একথা জানান বলে উল্লেখ করেন বিএনপির এ নেতা।
আগামী নির্বাচন জাতীয় ঐক্যফ্রন্টের কাছে একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সাবাইকে ঐক্যবদ্ধভাবে ভোট যুদ্ধে নামার আহ্বানও জানান মির্জা ফখরুল।
নির্বাচন কমিশনের নানা সমালোচনা করে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে বলেও মন্তব্য করেন অন্য নেতারা।