আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার রোববার শুরু হয়েছে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ।
সকাল ৯টার দিকে থেকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার শুরু হয়।
আজ -রংপুর ও রাজশাহী বিভাগের আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হচ্ছে।
শায়রুল কবির খান জানান, গুলশান কার্যালয়ে সাক্ষাৎকার বোর্ডে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে সঙ্গে স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত আছেন।
তারা হলেন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বোর্ডে আছেন। বোর্ডের আরেক সদস্য স্থায়ী কমিটির নেতা মির্জা আব্বাস অনুপস্থিত রয়েছেন।
শায়রুল কবির খান জানান, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাৎকার কার্যক্রমে অংশ নিচ্ছেন।
বিএনপির সূত্র জানায়, মনোনয়নপ্রত্যাশীদের কাছে, বিশেষ করে নতুনদের কাছে তাদের রাজনৈতিক ইতিহাস, রাজনৈতিক ক্যারিয়ার, দলের জন্য অবদান, এলাকায় কী করছেন, মামলা ইত্যাদি বিষয়ে প্রশ্ন করা হচ্ছে।
বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া দুই দুর্নীতি মামলার সাজায় গত ফেব্রুয়ারি থেকে কারাবন্দি। তার অবর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন তার ছেলে তারেক রহমান। দুর্নীতির দুই মামলায় ১৭ বছর এবং ২১ অগাস্ট গ্রেনেড মামলায় যাবজ্জীবন সাজার রায় মাথায় নিয়ে গত এক দশক ধরে তিনি আছেন লন্ডনে।
বিএনপি সূত্রে জানা গেছে, রংপুর বিভাগে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নিলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার ৩৩টি সংসদীয় আসনের জন্য আড়াইশ প্রার্থী দলীয় মনোনয়ন পেতে সাক্ষাৎকার দিবেন।
মনোনয়ন প্রত্যাশীরা ছাড়াও দলের সংশ্লিষ্ট জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং রংপুর বিভাগীয় সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত রয়েছেন সাক্ষাৎকারে।
সকাল ৯টায় দলের পার্লামেন্টারি বোর্ডে প্রথম ডাক পড়ে পঞ্চগড়-১ আসনের মনোনয়ন প্রত্যাশীদের। এ আসনের দলের মনোনয়ন চেয়েছেন তিন জন। তারা হলেন ইউনুস শেখ, ব্যারিস্টার নওশাদ জমির ও তৌহিদুল ইসলাম।
২০০১ সালের নির্বাচনে এই আসনে প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার। পরে তিনি ওই সংসদে স্পিকারের দায়িত্ব পালন করেন। এবার পার্লামেন্টারি বোর্ডের দায়িত্ব পালন করছেন। আর তার ছেলে ব্যারিস্টার নওশাদ জমির ওই আসনের মনোনয়নপ্রত্যাশী।
রংপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে এক ঘণ্টা বিরতি দিয়ে বেলা আড়াইটা থেকে শুরু হবে রাজশাহী বিভাগে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার।
এ বিভাগে জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাগঞ্জ, নওগাঁও, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার ৩৯টি সংসদীয় আসনের মনোনয়নের জন্য তিন শতাধিক আবেদন জমা পড়েছে।
আগামীকাল-সোমবার বরিশাল ও খুলনা বিভাগ। মঙ্গলবর চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট; বুধবার ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার হবে।
এই সাক্ষাৎকারের কারণে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনের সড়কের মোড়ে পুলিশের ব্যারিকেড দেয়া হয়েছে। মনোনয়নপ্রত্যাশীদের ফরম জমার রশিদ নিয়ে আসতে বলা হয়েছে। তাদের কর্মী-সমর্থক নিয়ে আসতে নিষেধ করা হলেও অনেকেই ১০/১২ জনকে সঙ্গী করে এসেছেন।