আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে দুই থেকে একটি পরিবর্তন হতে পারে বলে জানা গেছে।
বেশ কিছু আসন বণ্টন নিয়ে ১৪ দল ও মহাজোট শরীকদের জট খুললে দুয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে প্রার্থী তালিকা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, জরিপের ফলাফলের ওপর ভিত্তি করেই মনোনয়ন দেয়া হচ্ছে জনপ্রতিনিধিদের।
আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের প্রার্থী মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের মাঝে এখন টান টান উত্তেজনা বিরাজ করছে।
জোট ও মিত্রদের সঙ্গে আসন ভাগাভাগির শেষ কাজটি করছেন দলের সভানেত্রী, জোটের প্রধান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ দলীয়ভাবে নিজেদের প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেললেও শেষ মুহূর্তেও দু'একটি পরিবর্তনের কথা জানান দলের সাধারণ সম্পাদক।
এরইমধ্যে গত কয়েকদিনে গণমাধ্যমে কয়েকজন সংসদ সদস্যের বাদ পড়ার খবর এসেছে।
ওবায়দুল কাদের নিজেও সচিবালয়ে আব্দুর রহমান বদি ও আমানুর রহমান খান রানার বাদ পড়ার কথা বলেছেন। এর বাইরে কারো বাদ পড়ার খবরকে মনগড়া বলছেন তিনি।
আগামী বুধবার মনোনয়ন দাখিলের শেষ দিন। আজ অথবা রোববার ঘোষণা হতে পারে মহাজোটের প্রার্থী তালিকা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দাখিলের জন্য প্রার্থীদের হাতে পর্যাপ্ত সময় দিয়েই মনোনয়নের তালিকা ঘোষণা করা হবে।