খুব শিগগিরই বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হবে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, আসন বিন্যাস নিয়ে বিএনপি ও ঐক্যফ্রন্টের মধ্যে আলোচনা হয়েছে— শিগগরিই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। মনোনয়নপত্র আগামী ২৮ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। তার আগেই কিছু প্রার্থী চূড়ান্ত করবো। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়ের মধ্যে বাকিটা চূড়ান্ত করবো। এর মধ্যেও না হলে পরেও আমরা চূড়ান্ত করতে পারবো।
এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কি না— এ নিয়ে আবারো সংশয় প্রকাশ করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কি না, এ নিয়ে সংশয় রয়েছে— বিএনপি ও ঐক্যফ্রন্ট প্রার্থীদের গ্রেপ্তার ও ধর-পাকড় চলছে।
রোববার রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের চেম্বারে ফ্রন্টের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, শেষ পর্যন্ত যদি বিএনপি নির্বাচনে থাকতে পারে আর নির্বাচন কমিশনসহ পুলিশ ও সরকার বড় ধরণের বাধা না দেয় তবে বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের বিজয় সুনিশ্চিত।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, খুব শিগগিরই বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হবে।