একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে নামতে আওয়ামী লীগের সাবেক নেতা অধ্যাপক আবু সাইয়িদ যোগ দিয়েছেন কামাল হোসেন নেতৃত্বাধীন গণফোরামে।
সোমবার দুপুরে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টুর সঙ্গে সাক্ষাৎ করে গণফোরাম ও ঐক্যফ্রন্টে যোগ দেন তিনি।
পরে মন্টু বলেন, অধ্যাপক আবু সাইয়িদ একাদশ সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসন থেকে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হতে পারেন।
ঐক্যফ্রন্টের মনোনয়ন নিয়ে আবু সাইয়িদ ইতোমধ্যে নির্বাচনী এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলেও জানান মন্টু।
আসন্ন এ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে লড়তে হবে আওয়ামী লীগের এ সাবেক নেতাকে। তার নতুন দল গণফোরামসহ জোটের শরিকরা এবার ওই প্রতীকেই নির্বাচন করবে।
ফিরে দেখা কিছু কথা:
১৯৯৬ সাল থেকে পাঁচ বছর আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন আবু সাইয়িদ। ওয়ান-ইলেভেনের পর দলে সংস্কারপন্থী হিসেবে পরিচিতি পাওয়ায় নেতৃত্ব থেকে ছিটকে পড়েন আওয়ামী লীগের রাজনীতি থেকে।
২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে আবু সাইয়িদ স্বতন্ত্র প্রার্থী হন। তবে নৌকার প্রার্থী শামসুল হক টুকুর কাছে হেরে যান তিনি।
১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হয়ে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য হয়েছিলেন অধ্যাপক সাইয়িদ।
এর আগে আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, একুশে টেলিভিশনের সাবেক মালিক আবদুস সালাম এবং সেনা ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ১০ কর্মকর্তা গণফোরামে যোগ দেন।