চিহ্নিত কোনো যুদ্ধাপরাধীকে বিএনপি মনোনয়ন দেবে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।
তিনি বলেন-সবাই যুদ্ধাপরাধী নয়, জামাতের মধ্যেও মুক্তিযোদ্ধা আছে।
আর বিএনপির হেভিওয়েট তিন প্রার্থী কেন মনোনয়ন পত্র জমা দেননি তার জবাবে-নজরুল ইসলাম বলেছেন-এটা নির্বাচনী কৌশলের একটা অংশ।
এখনো নির্বাচনী সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি বলেও নির্বাচন কমিশনের নানা সমালোচনা করেছেন বিএনপির এই নেতা।
বৃস্পতিবার রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আসন্ন একাদশ সংসদ নির্বাচনে, বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান হিসেবে ঘোষণার পরের দিন বৃহস্পতিবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সরকার ও নির্বাচন কমিশনের যোগসাজোসে আরেকটি প্রহসনের নির্বাচন করার পাঁয়তারা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বিএনপির এ নেতা বলেন-একতরফা নির্বাচন করতেই বিএনপির সকল স্তরের নেতা-কর্মীদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে।
এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন-নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই বিএনপির হেভিওয়েট তিন প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।
জামাত এবং যুদ্ধাপরাধীর প্রসঙ্গ নিয়ে করা আরেক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা জানান-চিহ্নিত কোনো যুদ্ধাপরাধীকে মনোনয়ন দেয়া হবে না।