বিএনপি লাখ লাখ ডলার খরচ করেও আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে না এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকাল ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, লবিস্ট নিয়োগ করেও লাভ হচ্ছে না বিএনপির— উন্নত বিশ্বে ক্রমেই বন্ধুহীন হয়ে পড়ছে তারা।
বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা থেকে সরে আসেনি— তারা নাশকতার পর্যায়ে যেতে পারে এমন শঙ্কা আওয়ামী লীগের বলে নিজের অভিমত ব্যক্ত করেন কাদের।
এবার নীরব ভোট বিপ্লব হবে জগাখিচুড়ি মার্কা ঐক্যফ্রন্টের বিপক্ষে বলে দাবি করেন কাদের।
ঐক্যফ্রন্টের বিপক্ষে নীরব ভোট বিপ্লব হবে বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আর পরাজয়ের আশঙ্কায় বিএনপি আবারো নাশকতা-সহিংসতার পথে যেতে পারে।
তিনি হুঁশিয়ার করে দেন, যারা এবার ভোটে বাধা দেবে জনগণ তাদের প্রতিহত করবে।
নির্বাচন কমিশন বিএনপির কোনো অভিযোগ আমলে নিচ্ছে না- বিএনপির এমন অভিযোগের ব্যাপারে তিনি বলেন, কোনো কারণ ছাড়াই অভিযোগ করছে তারা।
তিনি জানান, গত ২৬ নভেম্বর মওদুদ আহমদ মনোনয়নপত্র জমাদানের সময় লাঠিসোট হাতে শো ডাউন করেছে সেটা বিএনপি দেখছে না।
কাদের বলেন, বিএনপি এখন বুঝে গেছে নির্বাচনে তারা জিততে পারবে না— তাই পুরনো কৌশল হিসেবে ভিত্তিহীন নালিশ করে যাচ্ছে অনবরত।