প্রধানমন্ত্রী পদের জন্য কাউকে ঠিক করতে না পারায় ঐক্যফ্রন্ট নির্বাচনের আগেই হেরে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার সকালে দলের ধানমন্ডি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ঐক্যফ্রন্টের নেতা নিজেই নির্বাচনে নেই—এ কথা উল্লখে করে কাদের বলেন, এ জোটের এখন এলোমেলো অবস্থা।
তিনি জানান, প্রত্যাহারের পর যখন চূড়ান্ত হবে প্রার্থিতা তখন দৃশ্যপট পাল্টে যাবে। নির্বাচনে কারা জিতবে সেটা তখন পরিস্কার হয়ে যাবে।
নৌকার পক্ষে জোয়ার উঠবে— বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে বিএনপি মহাসচিব যে অভিযগ করছেন তার জবাবে ওবায়দুল কাদের বলেন, সুনির্দিষ্ট করে তাদেরকে বলতে হবে কারা গ্রেপ্তার হয়েছে-এ নিয়ে অন্ধকারে ঢিল ছুড়লে কোনো লাভ হবে না।
সহিংসতার ঘটনায় কাউকে গ্রেপ্তার করলে সেটা রাজনৈতিক হয়রানি না বলে জানান তিনি।
মনোনয়ন বাছাইয়ে নির্বাচন কমিশনের নিয়মে কেউ বাদ গেলে এ নিয়ে কোনো কিছু বলার নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।