আগামী তিন দিনের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
বুধবার বিকেলে রাজধানীর ঐক্যফ্রন্টের নতুন কার্যালয়ের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ— এ নির্বাচন সুষ্ঠু করার মাধ্যমে জনগণ রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে—তাই নির্বাচন সুষ্ঠু করতে জনগণকে পাহারাদার হতে হবে।
নির্বাচনের পক্ষে জনমত তৈরি হয়েছে এ কথা জানিয়ে ড. কামাল হোসেন বলেন, ১৪ সালে যেনতেন নির্বাচন করে আওয়ামী লীগ ৫ বছর ক্ষমতা ভোগ করেছে আবারও সেইভাবে নির্বাচন করার পাঁয়তারা করছে সরকার।
তিনি আরো বলেন, সাংবাদিকরাও অবাধ নির্বাচনের পাহারাদার হিসেবে ভূমিকা রাখতে পারেন। যখনই আমরা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, তখন থেকেই আওয়ামী লীগ অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, কূটনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুল হাসিব চৌধুরী ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া প্রমুখ।