আইনি প্রক্রিয়া স্বচ্ছ হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনের (ইসি) উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন কমিশনকে বলব- দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি ন্যায়বিচার করুন। ইসি সংবিধান ও আইন অনুসরণ করলে এবং বিতর্কের ঊর্ধ্বে উঠে বিশ্বাসযোগ্য সিদ্ধান্ত নিলে খালেদা জিয়া অবশ্যই প্রার্থিতা ফিরে পাবেন। খালেদা জিয়া ছাড়া নির্বাচন হলে তা হবে একটি বিশাল প্রহসন।
তিনি আরো বলেন, খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনো সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না। আসন্ন নির্বাচনে খালেদা জিয়াকে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেয়ার জন্যই তাকে মিথ্যা ও সাজানো মামলায় কারাগারে আটকিয়ে রাখা হয়েছে।
বিএনপির এ নেতা আরো বলেন, রিটার্নিং কর্মকর্তারা আইন বহির্ভূতভাবে ও অন্যায়ভাবে বিএনপি চেয়ারপারসনের ৩টি মনোনয়নপত্র বাতিল করেছেন। এটা সরকারের ষড়যন্ত্রেরই অংশ। ৩টি আসনে উনার পক্ষে আপিল করা হয়েছে। আইন তার নিজস্ব গতিতে চললে দেশনেত্রী প্রার্থিতা ফিরে পাবেন।