নীরব-নিষ্ক্রীয় না থেকে ভোট রক্ষায় জনগণকে পাড়া-মহল্লায় নেমে আসার আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। সেইসঙ্গে নির্বাচনের আগের দিনগুলোতে মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে কাজ করতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান তিনি।
সোমবার জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদের "রাজনীতি ও মানবাধিকার" শীর্ষক আলোচনার সভায় তিনি এ কথা বলেন।
জাতীয় নির্বাচনে হেরে গেলেও জনগণ ও অন্যান্য নেতাকর্মীরা যেন তাদের মোবারকবাদ জানায় সময় থাকতে তেমন কাজ করার কথা বলেন ড. কামাল।
এতে জাতীয় গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন পত্রিকায় প্রকাশিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, দেশে অস্বাভাবিক মৃত্যু যেন না ঘটে সেটা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। পাশাপাশি বিনা বিচারে হত্যাকাণ্ড ও গুমের তদন্তে একটি তদন্ত কমিশন দাবি করেন গণফোরাম সভাপতি।
কামাল হোসেন আওয়ামী লীগের উদ্দেশ্যে দেশের মানুষের স্বার্থে সময় থাকতে মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
জনগণের ভোটাধিকার নিয়ে গণফোরাম সভাপতি বলেন, জনগণ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে না পারলে তা হবে সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা।