পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা-আইএসআই ও পাকিস্তান দূতাবাসে বৈঠকের ব্যাপারে সরকার মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা সরকারের ভয়াবহ অপপ্রচার। এ বক্তব্য প্রত্যাহার না করলে- আইনের আশ্রয় নেয়ার হুমকিও দেন বিএনপির এ মহাসচিব।
সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই ও দেশটির দূতাবাসে বিএনপির বৈঠক নিয়ে সরকারের অভিযোগ নাকচ করে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল।
এ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এই বক্তব্য প্রত্যাহার না করা হলে তারা আইনের আশ্রয় নেবেন।
নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি—অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্র টিকবে কি-না তা এই নির্বাচনেই প্রমাণ হবে।
নির্বাচনী প্রচার প্রচারণা আনুষ্ঠানিকভাবে কবে থেকে শুরু হবে এ প্রশ্নের জবাবে বিএনপির এ মহাসচিব বলেন, এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।
এ সময় বিটিআরসি কর্তৃক ৫৮টি নিউজ পোর্টাল বন্ধের সুপারিশেও উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার নির্দেশে ফেসবুকে বিভিন্ন ফেইক একাউন্ট খুলে নানা অপপ্রচার চালানো হচ্ছে ।
বিএনপি সমর্থিত অনলাইন অ্যাক্টিভিস্টদের ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।