সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে ধানের শীষের প্রার্থীদের প্রচারে নেমেছে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি।
বুধবার সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.) এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর মাজার জিয়ারত শেষে প্রচার কাজে অংশ নেবেন তারা।
সিলেট জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।
এদিকে, নির্বাচন পরিচালনায় সার্বিক বিষয় পর্যবেক্ষণ করতে বেশকিছু উপকমিটি গঠন করেছে বিএনপি। নির্বাচন কমিশন সমন্বয়, পোলিং এজেন্ট প্রশিক্ষণ, নির্বাচন পর্যবেক্ষক, মিডিয়া, অর্থ ও প্রচার ইত্যাদি।
গতকাল সোমবার নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, নির্বাচন পরিচালনা উপকমিটিগুলো গঠনের কাজ প্রায় চূড়ান্ত। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দেয়া হবে।
এদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি (ঠাকুরগাঁও-১ ও বগুড়া-৬) সংসদীয় আসনে নির্বাচন করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই নিজ নির্বাচনি এলাকায় প্রচারণা শেষে বগুড়াতে যাবেন তিনি।
আর বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনও দুটি সংসদীয় আসনে (কুমিল্লা ১ ও ২) নির্বাচন করছেন। গত এক সপ্তাহ ধরে নিজ নির্বাচনি এলাকায় অবস্থান করছেন তিনি।