নিজেদের নেতাকর্মীদের ওপর হামলার যে অভিযোগ আনছে বিএনপি তা দলটির পুরনো কৌশল আর মিথ্যাচারের রাজনীতিরই অংশ বলে মন্তব্য করছে আওয়ামী লীগ।
বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকালে দলের ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
সংবাদ সম্মেলনে আব্দুর রহমান বলেন, তারা সুনির্দিষ্ট করে বলুক কোথায়, কিভাবে হামলা হয়েছে?
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আইনের চোখে দুর্নীতিবাজ, দেশের প্রচলিত আইনে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না—এ কথা উল্লখে করে তিনি আরো বলেন, দলটির নেতারা জানেন যে খালেদা জিয়া আইনের চোখে সাজাপ্রাপ্ত, তাই তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। এরপরও নির্বাচনী প্রক্রিয়াকে কলুষিত করতে বিএনপি এ নিয়ে অপপ্রচার করে যাচ্ছে।
বিএনপি নেতাদের ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে আব্দুর রহমান বলেন, এটি তাদের মিথ্যাচারের রাজনীতি।
বিএনপি-জামাতের সকল অপপ্রচার আর মিথ্যাচারের জবাব জনগণ ৩০ ডিসেম্বর ব্যালটের মাধ্যমে দেবে বলে আশা করছে আওয়ামী লীগ।