যতোই বাধা আর নির্যাতন আসুক না কেন- বিএনপি নির্বাচনের মাঠ ছাড়বে না এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ। বুধবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মওদুদ অভিযোগ করেন, ধানের শীষের জোয়ার উঠেছে বলেই ভীত হয়ে সন্ত্রাসী হামলা চালাচ্ছে আওয়ামী লীগ। অন্যদিকে, নির্বাচনে ক্ষমতাসীনদের সব বাধা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন দলের স্থায়ী কমিটির নেতা মির্জা আব্বাস।
তিনি আরো বলেন, সারাদেশে ধানের শীষের জোয়ার উঠেছে; এ কারণে দলের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ সন্ত্রাসী হামলা চালাচ্ছে। নির্বাচন বানচাল করতেই এ পরিস্থিতি তৈরি করা হচ্ছে।
যত বাধাঁই আসুক বিএনপিসহ ঐক্যফ্রন্ট নির্বাচনের মাঠ ছাড়বে না বলেও জানান ব্যরিস্টার মওদুদ।
এদিকে, রাজধানীর মতিঝিল এলাকায় গনসংযোগে নামেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি নির্বাচনী লিফলেট বিতরণ করেন।
তিনি অভিযোগ করেন, সারাদেশে বিএনপির নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। বলেন-নির্বাচন থেকে বিএনপিকে দূরে সরিয়ে রাখতেই এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে।
জনগণকে সঙ্গে নিয়ে সব নির্বাচনী বাধা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি এ নেতা।