হেরে যাওয়ার আশঙ্কায় বিএনপি সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে দলের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে নাকি নির্বাচন বানচালে চক্রান্ত করবে এর জন্য আরো কিছু সময় অপেক্ষা করতে হবে।
অনুষ্ঠানে পোলিং এজেন্ট প্রশিক্ষণ বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় হলে গণতন্ত্রের বিজয় হবে।
একাদশ সংসদ নির্বাচনে দলের মাস্টার ট্রেইনারদের নিয়ে রাজধানীর কৃষিবদ ইনস্টিটিউশন মিলনায়তনে দু'দিনের কর্মশালার আয়োজন করে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনার কমিটির পোলিং এজেন্ট প্রশিক্ষণ বিষয়ক উপ কমিটি।
কর্মশালার সমাপনী অধিবেশনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা এজেন্ট থাকবেন তারা শেষ পর্যন্ত কেন্দ্রে অবস্থান করবেন। ভোটের দিন প্রতিপক্ষের সকল ষড়যন্ত্র রোধে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি অভিযোগ করেন, বিএনপি সহিংসতা শুরু করেছে— কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের ধৈর্য সহকারে তা মোকাবেলা করতে হবে।
কর্মশালার সমাপনী বক্তব্যে পোলিং এজেন্ট প্রশিক্ষণ বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী বলেন, নৌকাকে বিজয়ী করলে গণতন্ত্র বিজয়ী হবে।
১১৪ জন মাস্টার ট্রেইনার সারাদেশে দশ হাজার ৫৫২ জনকে প্রশিক্ষণ দিয়েছেন। পরবর্তীতে তারা প্রতিটি নির্বাচনী এলাকায় কেন্দ্র এজেন্টকে প্রশিক্ষণ দেবেন, যারা ভোটগ্রহণের শুরু থেকে কেন্দ্র দায়িত্ব পালন করবেন।