নির্বাচনী মাঠ বিএনপি শূন্য করতেই ঢালাওভাবে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
একই সঙ্গে তিনি তথ্য দিয়েছেন-প্রশাসনের উচ্চপর্যায়ের গোপন বৈঠকের মাধ্যমে গ্রেপ্তারের জন্য আরো আড়াই লাখ বিএনপির নেতাকর্মীদের তালিকা তৈরি করা হচ্ছে।
রিজভী বলেন-নৌকার নিশ্চিত ভরাডুবি জেনেই সরকার এ ষড়যন্ত্র চালাচ্ছে।
আর নিজ আসনে নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ এনেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার নয়াপলন্টনে সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।
কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের নেতাকর্মীদের ঢালাওভাবে গ্রেপ্তারের অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রিজভী তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের একটা পরিসংখ্যানও তুলে ধরেন।
প্রশাসনের গোপন বৈঠকের তথ্য দিয়ে রিজভী বলেন- বিএনপির আরো লাখ লাখ নেতাকর্মীকে গ্রেপ্তারের ষড়যন্ত্র চলছে।
নির্ধারিত তারিখ থেকে ১০ দিন পিছিয়ে নির্বাচন কমিশনের সেনা মোতায়েনের ঘোষণারও সমালোচনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপির ভাইস চেয়ারম্যান অবসর প্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে পারছেন না বলে অভিযোগ করেন।
তিনি বলেন- ক্ষমতাসীনরা বিএনপির ওপর স্বশস্ত্র হামলা চালাচ্ছে।