নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাকে হুমকি দেয়া হচ্ছে-এক ঘণ্টার মধ্যে এলাকা থেকে তাড়িয়ে দেবে। আমি উনাকে (মওদুদ) বলতে চাই-আমি বসন্তের কোকিল নই। ভোট আসলে এলাকায় আসব, আর ভোট চলে গেলে এলাকা ছেড়ে চলে যাব।
শুক্রবার (২১ ডিসেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুরে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
ব্যারিস্টার মওদুদকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, হুমকি দিয়ে কোনো লাভ হবে না। জনগণ আমার সঙ্গে আছে। আমি এ এলাকার সন্তান। আমি ক্ষমতায় থাকলেও এ এলাকায় থাকব, ক্ষমতা হারালেও এ এলাকায় থাকব। আপনার এ হুমকির জবাব জনগণ ৩০ তারিখে ব্যালটের মাধ্যমে দিয়ে দেবে।
তিনি বলেন, উনি আমার বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যবহারের অপবাদ দেন। এ গাড়ি আমার ব্যক্তিগত, আমি একজন মন্ত্রী, মন্ত্রীর সঙ্গে ইঞ্জিনিয়ারদের গাড়ি থাকবে। রাস্তা পরিদর্শনের জন্য আমার সঙ্গে ইঞ্জিনিয়ার থাকবে, তাদের গাড়িও থাকবে। যারা অভিযোগ করেন তারা এ রাস্তা করেননি-এ রাস্তা আমি করেছি।
সেতুমন্ত্রী আরও বলেন, পুলিশ আমার সঙ্গে থাকবে, আমার প্রটেকশন দরকার। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এমনিতেই হুমকি দেন এক ঘণ্টায় তাড়িয়ে দেবে। তা হলে আমার সঙ্গে প্রটেকশন না থাকলে কি হবে?