পুলিশ আমার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, পুলিশ আমার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। প্রয়োজন অনুযায়ী আমাকে তারা নিরাপত্তা দিতে চায়।
বুধবার ড. কামাল হোসেনের সঙ্গে তার চেম্বারে পুলিশ কর্মকর্তারা সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জাবাব দেন ড. কামাল।
ইসির বৈঠকে পুলিশকে জানোয়ার বলেছেন কিনা—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই অর্থে তো বলেনি। তারা মানুষ হিসেবে ভূমিকা রাখবে, আমরা সেটা আশা করি। বলেছি, পুলিশ নিরপেক্ষ ভূমিকা রাখবে। আমরা তো পুলিশের প্রশংসাও করেছি।
নির্বাচন সুষ্ঠু হবে কী- এ প্রশ্নের উত্তরে ড. কামাল বলেন, আশঙ্কা তো অবশ্যই হচ্ছে কারণ সারাদেশে ধরপাকড় চলছে। প্রার্থীদের ওপর হামলা ও আটক করা হচ্ছে। এটা অস্বাভাবিকভাবে হচ্ছে।
তিনি আরো বলেন, আশা তো আমরা সব সময়ই করবো— কিন্তু আশঙ্কাও আছে কারণ, যেভাবে হামলা ও গ্রেপ্তার করা হচ্ছে। আমার কথা ধরে রাখতে হবে। ওরা যেন না বলতে পারে সরে গেছে। এটা আমাদের অধিকার। আমাদের অধিকার থেকে কেন আমরা সরে যাবো। যদি শেষ পর্যন্ত অসম্ভব করে দেয় তখন মানুষজন দেখবে, তারা অসম্ভব করে দিয়েছে।
বেলা ১২টার পর ড. কামাল হোসেনের সঙ্গে তার চেম্বারে সাক্ষাৎ করেন পুলিশের কর্মকর্তারা। প্রায় ঘণ্টাখানেক সেখানে তারা ছিলেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়ার যাওয়ার কথা থাকলেও তিনি সেখানে যাননি।
যারা ছিলেন: মতিঝিলের ডিসি আনোয়ার হোসেন, রমনা জোনের ডিসি কামরুজ্জামান, মতিঝিল জোনের এডিসি শিবলী নোমান ও মতিঝিলের ট্রাফিক পুলিশ কর্মকর্তারা ড. কামালের সঙ্গে দেখা করেন।
ড. কামাল বলেন, পুলিশ কর্মকর্তারা আমাকে বলেছেন, তারা আমার নিরাপত্তার ব্যাপারে খুবই উদ্বিগ্ন। কোনো কিছু প্রয়োজন হলে চেম্বারে ও বাসায় তারা ব্যবস্থা নেবে। দরকার হলে গাড়ির সঙ্গেও নিরাপত্তা দেবে। এ ছাড়া কিছু বলেনি।
তিনি আরো বলেন, ডিএমপি কমিশনারের আসার কথা থাকলেও কাজে আটকা পড়ায় এবং যানজটের কারণে আসতে পারেননি বলে দুঃখপ্রকাশ করেছেন।
এক প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, সরকারের কার্যকলাপে সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কা আছে। শেষ পর্যন্ত নির্বাচনে থাকা নিয়ে তিনি বলেন, ‘ধরে রাখতে হবে। ওরা যেন না বলতে পারে যে সরে গেছে। এটা আমাদের অধিকার। আমরা কেন সরে যাব? শেষ পর্যন্ত যদি অসম্ভব করে দেয়, তখন মানুষ দেখবে।’
গতকাল মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠকে ড. কামাল হোসেন পুলিশকে জানোয়ার বলার অভিযোগ উঠে।
এদিকে সাক্ষাৎ শেষে বের হয়ে সাংবাদিকদের ডিসি আনোয়ার হোসেন বলেন, নিয়মিত দায়িত্বের (রেগুলার ডিউটি) অংশ হিসেবে আমরা এসেছি। ওনার নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, নিরাপত্তা নিয়ে কামাল হোসেনের কোনো পর্যবেক্ষণ আছে কিনা, এসব নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে।