এ নির্বাচনে নৌকার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে, উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছেন—এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক।
রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
নানক বলেন, উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছেন— সব জায়গায় ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। পছন্দের প্রার্থীকে ভোটাররা ভোট দিচ্ছেন।
তবে নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে বিএনপি-জামাত সন্ত্রাস-সহিংসতার পথ বেছে নিয়েছে—এ কথা উল্লখে করে নানক বলেন, আজ ৩ জন এবং গতকাল ভোটের আগের রাতে আওয়ামী লীগের পাঁচজন কর্মী নিহত হয়েছেন।
তিনি অভিযোগ করে বলেন, চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের রাইফেল ছিনতাই করেছে সন্ত্রাসীরা। নাটোর, চট্টগ্রাম, সিরাজগঞ্জ, জয়পুরহাট, ঠাকুরগাঁওয়ে তারা (বিএনপি-জামাত) আওয়ামী লীগের কর্মীদের ওপর হামলা চালাচ্ছে।
এসময় তিনি জনগণকে ধৈর্যের সঙ্গে পরিবেশ পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, বি এম মোজাম্মেল হক, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।