নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ এনেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
রোববার রাজধানীর মতিঝিলে গণফোরামের কার্যালয়ে আয়োজিত নির্বাচনি পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সারাদেশ থেকে যে খবর তারা পাচ্ছেন তাতে আমি উদ্বিগ্ন। তবে এখনো ভোটে আছি সন্ধ্যায় চূড়ান্ত প্রতিক্রিয়া দেয়া হবে।
জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ধ্যায় প্রতিক্রিয়া জানানোর কথা বলেছেন।
এর আগে সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল কেন্দ্রে ভোট দেন ড. কামাল। সে সময় অনিয়ম, কারচুপির অভিযোগ করলেও, ঐক্যফ্রন্টই জয়ী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ধানের শীষের এজেন্টদের বের করে দেয়ার খবরও পাওয়া গেছে বলে জানান তিনি। রাতেই ভোট চুরি করে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে বলেও ড. কামাল অভিযোগ করেন।
কামাল হোসেন বলেন, নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন আমি। সারাদেশ থেকে এখনও পর্যন্ত যতগুলো খবর পেয়েছি একজনও বলেনি যে, তার এলাকায় সুষ্ঠু নির্বাচন হচ্ছে। আমি আশা করেছিলাম যে, ৩০-৪০ জন প্রার্থীর কল এসেছে। তাদের মধ্য থেকে অন্তত একজন হলেও বলবে— সুষ্ঠু নির্বাচন হয়েছে, এই সুখবরটি আপনাকে দিলাম। কিন্তু কেউই বলেনি যে, তার এলাকায় সুষ্ঠু নির্বাচন হচ্ছে। এই নির্বাচন নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।
তিনি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে, বাংলাদেশের স্বাধীনতার ৪৭ বছর পর ভোটের এই চিত্র দেখবো আশা করিনি। ভোটের মাঠে যে আনন্দ-উল্লাস করার দরকার ছিল, সেটি আমরা পাচ্ছি না।