জাতীয় পার্টি (জাপা) বিরোধীদলে থাকবে কি-না সে বিষয়ে সংসদ সদস্যদের শপথের পর সংসদীয় পার্টি সিদ্ধান্ত নেবে— জানিয়ে দলের কো-চেয়ারম্যান জিএম কাদের বলেন, যেহেতু দল মহাজোটের সঙ্গে নির্বাচন করেছে তাই এখন পর্যন্ত তারা মহাজোটের সঙ্গেই আছেন।
বুধবার বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জিএম কাদের বলেন, মহাজোটের সঙ্গে নির্বাচন করায় জাতীয় পার্টি (জাপা) তাদের সঙ্গেই রয়েছে।
জাতীয় পার্টি সংসদে বিরোধী দলে যাবে কি-না অথবা মন্ত্রীত্ব পাওয়ার বিষয়ে জানতে চাইলে দলের কো-চেয়ারম্যান বলেন, এ বিষয়গুলো সংসদ সদস্যদের শপথের পর মহাজোটের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে, নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বুধবার সকালে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলের প্রেসিডিয়াম সদস্য ও নব নির্বাচিত সংসদ সদস্যদের সভা হয়েছে।