জাতীয় পার্টিকে সত্যিকারের শক্তিশালী বিরোধীদল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই— এ বিষয়ে সবধরণের চেষ্টা আমার অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রোববার দুপুরে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সংসদে বিরোধীদলের নেতার কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
এর আগে দুপুর ১২টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন তিনি।
গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে বসে সংসদে প্রবেশ করেন এরশাদ। শপথ গ্রহণের সময় তিনি জিএম কাদেরের সহযোগিতায় হুইল চেয়ার থেকে দাঁড়িয়ে শপথ নেন।
সংসদে বিরোধীদলের নেতার চেয়ারে বসেই তিনি বলেন, আমি গর্বিত বিরোধীদলের চেয়ারে বসতে পেরে।
এসময় দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা হেসে এরশাদকে উদ্দেশ্য করে বলেন, স্যার দীর্ঘ ২৭ বছর পর আপনিই কোনো পুরুষ বিরোধীদলের নেতা হলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ বলেন, বিরোধীদলের নেতা ও চিফ হুইপের সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন করবো।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকারও বিরোধীদল থেকে নেয়া হয় সে আবেদনও সরকারের কাছে করা হবে বলে জানান এইচএম এরশাদ।
এসময় জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, ফখরুল ইমামসহ পার্টির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। আরো ছিলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী