একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার প্রায় ২০ দিন পর তা উদযাপনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান।
আওয়ামী লীগের বিজয় উৎসবে বিভিন্ন এলাকা থেকে মিছিল আসে।
বেলা ৩টায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎসবস্থলে আসেন।
শনিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের ‘বিজয় উৎসব’—সেই উৎসবে যোগ দিতেই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে জনস্রোত দেখা যায়।
৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৭টি আসনে জয় পায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। এ নিয়ে টানা তৃতীয়বার সরকার গঠন করেছে দলটি। শেখ হাসিনা চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
ভোটের ২০ দিন পর আজ বিজয় উৎসব পালন করতে যাচ্ছে আওয়ামী লীগ।
সভাস্থলে যারা আসছেন তাদের অনেকের গায়ে লাল-সবুজ টি–শার্ট। সবুজ, হলুদ আর লাল টুপি মাথায়। ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগের নেতা-কর্মী-সমর্থকেরা ছুটছেন সোহরাওয়ার্দীর দিকে। অনেকের হাতে আছে লাল-সবুজের জাতীয় পতাকা।
সোহরাওয়ার্দীর সমাবেশস্থলে ঢোকার একাধিক ফটকে দেখা গেছে ব্যাপক ভিড়। উদ্যানের ঢোকার আগে তল্লাশি চলছে সবার। মঞ্চের আশপাশে আওয়ামী লীগের প্রতীক নৌকা ও বেলুন দিয়ে সাজানো হয়েছে। ফটকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনার ছবি এবং এর পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন অর্জনের ছবি রাখা হয়েছে।
এবার নির্বাচনের আগে সাড়া ফেলা ‘জিতবে এবার নৌকা’—গানটি একটু পাল্টানো হয়েছে। সুর একই রেখে ‘জিতেছে এবার নৌকা’ কথা জুড়ে দেয়া হয়েছে গানে।
দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখার সময় সমাবেশস্থলের একটি উল্লেখযোগ্য অংশ ভরে গেছে মানুষে। একটু পর শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।