উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ে দলীয় গঠনতন্ত্র মানা হচ্ছে না বলে অভিযোগ করেছেন কয়েকটি উপজেলার নেতারা।
তারা বলেন, কেন্দ্রে নাম চলে গেছে অথচ উপজেলার নেতারা জানেনই না।
বিষয়টি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নজরে আনা হলে তিনি বলেন, কোনো ব্যত্যয় ঘটলে তা দেখবে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড।
ওবায়দুল কাদের জানান, চেয়ারম্যান পদে যে কেউ দলের মনোনয়ন ফরম তুলতে পারবেন— প্রার্থিতা ঠিক করবে বোর্ড।
উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে উপজেলার পূর্ণাঙ্গ কমিটির বর্ধিত সভা করার কথা বলা আছে আওয়ামী লীগের গঠনতন্ত্রে। কিন্তু সবশেষ কিছু জায়গায় গঠনতন্ত্রের এ বিধান মানা হয়নি বলে অভিযোগ করেছেন উপজেলার নেতারা।
তাদের এ অভিযোগের জবাবে, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোথাও কোনো ব্যত্যয় ঘটলে কেন্দ্র তা দেখবে।
তৃণমূলের পাঠানো নাম, দলীয় সভানেত্রীর জরিপ, সবদিক বিবেচনা করে জনপ্রিয় প্রার্থীকেই মনোনয়ন দেয়া হবে বলে জানান কাদের।
প্রথমে শুধু চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের কথা বলা হলেও পরে পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান পদেও দলীয় প্রতীক দেয়ার সিদ্ধান্তের কথা জানান ওবায়দুল কাদের।
বিদ্রোহী প্রার্থী দাঁড়ালে কি ব্যবস্থা নেয়া হবে এমন প্রশ্নের জবাবে সাধারণ সম্পাদক জানান, দাঁড়ালে দেখা যাবে।