প্রথম দফায় দেশের ৮৭টি উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ।
শনিবার রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ প্রার্থী তালিকা প্রকাশ করেন।
তালিকা প্রকাশ করে কাদের নিজ নিজ এলাকায় গিয়ে চেয়ারম্যানদের কাজে যোগ দেয়ার আহ্বান জানান।
উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দিলেও ভাইস চেয়ারম্যান পদ উন্মুক্ত থাকবে বলে জানান তিনি।
নির্বাচন কমিশন সূত্র জানা গেছে, প্রথম ধাপের নির্বাচনে ৮৭টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে আগামী ১০ মার্চ। এ জন্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১১ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে ১২ ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি।
এবার ৪৮১টি উপজেলায় মোট পাঁচ ধাপে নির্বাচন হবে। দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ করা হবে আগামী ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ এবং চতুর্থ ধাপে ৩১ মার্চ। এ ছাড়া পঞ্চম ধাপের ভোট গ্রহণ করা হতে পারে পবিত্র রমজানের পর—আগামী ১৮ জুন।
তৃণমূল থেকে নামের সুপারিশ নিয়ে এরইমধ্যে ৭০০ অভিযোগ কেন্দ্রে এসেছে।
সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে কাদের বলেন, এটি দলের আভ্যন্তরীণ ব্যাপার— সব বিবেচনা করেই মনোনয়ন বোর্ড নমিনেশন দিয়েছে, সার্বিক শৃঙ্খলা, সাংগঠনিক অবস্থা বিচার বিশ্লেষণ করা হয়েছে।
এ সময় তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনে না এলেও দলটির অনেক নেতা হিসেবে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, অপজিশন শক্তিশালী হলে গণতন্ত্রের জন্য ভালো— বিএনপি দুর্বল হোক, সেটা আমরা চাই না। কিন্তু তারা নিজেদের নেতিবাচক রাজনীতির জন্য দুর্বল হলে আমাদের কিছু করার নাই।
তালিকা প্রকাশের সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।