বঙ্গবন্ধুই স্বাধীনতা শব্দটি এদেশের মানষের সত্ত্বায় গেঁথে দিয়েছিলেন জানিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, বাঙালির স্বাধীনতার প্রশ্নে তিনি ছিলেন আপোসহীন। এ প্রশ্নে প্রয়োজনে মৃত্যুকেও তুচ্ছ মনে করতেন। তার দেখানো পথেই আসবে জাতির কাঙ্খিত মুক্তি, বিনির্মাণ হবে সোনার বাংলা।
উদ্বোধনী পর্বে সোমবার বিকালে আলোচনা সভায় উত্তাল ঊনসত্তরে ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি তোফায়েল আহমেদ সেই দিনটির স্মৃতিচারণ করে বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন।
বঙ্গবন্ধুর মন্ত্রিপরিষদের সচিব, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, বঙ্গবন্ধুর লক্ষ্যই ছিল, বাঙালির রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি।
আলোচনা সভা শেষে শিল্পকলা একাডেমির চিত্রশালাতে বঙ্গবন্ধু ওপর আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন নেতারা। প্রদর্শনীটি মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
এদিকে, বিকালে জাতির জনকের বঙ্গবন্ধু উপাধির ৫০ বছর পূর্তিতে দলের প্রচার উপ কমিটি আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, এর পেছনে বিএনপির কারা কলকাঠি নেড়েছে, তার তদন্ত হবে।
সরকার উৎখাতের ষড়যন্ত্রের অংশ হিসেবেই বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন হাছান মাহমুদ।
আগরতলা মামলা থেকে মুক্ত হয়ে ঊনসত্তরের ২৩ ফেব্রুয়ারি, বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করে জাতি। এর ৫০ বছর পূর্তিতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে দু'দিনের কর্মসূচি পালন করছে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ পরিষদ।