বিএনপি চিয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে দলকে শক্তিশালী করে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন দলীয় নেতারা।
নেতারা অভিযোগ করেন, ক্ষমতা হারানোর ভয়েই সরকার খালেদা জিয়াকে আটকে রেখেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমমাপের উন্নত চিকিৎসা বিএনপি নেত্রীর প্রাপ্য বলেও অভিমত দেন নেতারা।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তারা এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত ও তার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত পূর্ব ঘোষিত মানববন্ধনে যোগ দেন দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
বিএনপি নেত্রীর মুক্তির ইস্যুতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি উচ্চারণ করেন, দলকে সুসংগঠিত করে গণআন্দোলন গড়ে তোলা হবে।
ক্ষমতাকে চিরস্থায়ী করতে ও ক্ষমতা হারানোর ভয়েই খালেদা জিয়াকে মুক্তি দেয়া হচ্ছে না-- এ অভিযোগ করেন মির্জা ফখরুল।
প্রহসনের একাদশ নির্বাচন বাতিল করে আরেকটি নতুন নির্বাচনও দাবি করেন তিনি।
বিএনপি নেত্রীর মুক্তিসহ সব দাবি আদায়ে আন্দোলনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন দলের বিভিন্ন স্তরের নেতারা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উন্নত চিকিৎসার কথা উল্লেখ এই রকম চিকিৎসা পাওয়ার অধিকার বিএনপি নেত্রীরও রয়েছে বলেও অভিমত দেন নেতারা।
এক ঘণ্টার এ মানববন্ধন ঘিরে পুলিশ ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্তক অবস্থানে থাকতে দেখা যায়।