ডাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে রোকেয়া হলে নাটক হয়েছে বলে মন্তব্য করেছে ছাত্রলীগ নেতারা।
সংবাদ ব্রিফিং করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা বলেছেন, নির্বাচনে পরাজয় জেনেই তারা বের হওয়ার সুযোগ খুঁজছিলেন।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী সংসদের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী গোলাম রাব্বানী।
এ সময় তার সঙ্গে ছিলেন প্যানেলের সহ-সভাপতি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন।
প্রতীক্ষিত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই রোকেয়া হলে নাটকীয় ঘটনা ঘটিয়েছে একটি দল—আর সেখানে
যে ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে তা নকল বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
গোলাম রাব্বানী বলেন, নির্বাচনে পরাজয় বুঝতে পেরে এক্সিট রুট খুঁজছিল ছাত্রদল, বাম সংগঠন, কোটা আন্দোলনকারীসহ অন্যরা সেজন্য তারা একজোট হয়ে নাটক মঞ্চস্থ করেছে।
প্যানিক সৃষ্টি করে ষড়যন্ত্রের মাধ্যমে ভোট ব্যাহত করতে চেয়েছিল, তবে তাদের প্রতিহত করা হয়েছে। এটা ডাকসুর অতীত ইতিহাসেও ছিল, ছাত্রলীগ একদিকে এবং বাকি সবাই একদিকে।
কোটা সংস্কার আন্দোলনকারীদের প্যানেলের ভিপি প্রার্থী নূরুল হক নূর রোকেয়া হলে আহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার বিষয়ে রাব্বানী বলেন, তিনি হিট স্ট্রোক করে থাকতে পারেন, রাতে ঘুমও হয়তো কম হয়েছে। তার গায়ে একটা আঁচড়ও কেউ দেয়নি।
রাব্বানী বলেন, নূর, ছাত্রদলের প্রার্থীসহ আমরা সেখানে ব্যালট বাক্স দেখি। দেখা যায় কোনো সমস্যা ছিল না। কিন্তু নূর ব্যালট বাক্স দেখে ভুল তথ্য দেন সাংবাদিকদের কাছে।
নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে ছাত্রলীগ নেতারা আরো বলেন, অতীতেও ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একটি চক্র ষড়যন্ত্র করেছে। এবারও ছাত্রলীগ হটাও নীতি নিয়ে তারাই নির্বাচন বানচালের চেষ্টা করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ-ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণের পর বিকালের দিকে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ।
বাম সংগঠনগুলোর প্যানেলের প্রার্থী ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক লিটন নন্দী, ভিপি প্রার্থী নুরুল হক নূর ও জিএস প্রার্থী রাশেদ খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে মামলা করার হুঁশিয়ারি দেন তারা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: