রক্তক্ষয়ী আন্দোলন ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির নেতারা।
সোজা পথে এই সরকারের হাত থেকে বিএনপি নেত্রীকে রক্ষা করা যাবে না— নেতা-কর্মীদের কঠোর আন্দোলনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বানও জানান দলটির নেতারা।
নির্বাচনী ব্যবস্থাকে সরকার ধ্বংস করে ফেলেছে উল্লেখ করে ডাকসুর পুনর্নির্বাচনের জন্য অনশনরত শিক্ষার্থীদের পূর্ণ সমর্থনও দেন তারা।
এদিকে, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ঐক্যফ্রন্ট জামাত প্রসঙ্গে দ্বিমত পোষণ করেছেন দলের নেতারা।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, এই সরকারের রোষাণল থেকে দলের চেয়ারপারসনকে রক্ষা করা যাবে না।
তিনি বলেন, তাকে মুক্ত করতে হলে রক্তক্ষয়ী আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই।
ডাকসু নির্বাচনের অনিয়ম নিয়ে সমালোচনা করে পুনর্নির্বাচনের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের পূর্ণ সমর্থনও দেন দুদু।
প্রয়োজনে সাবেক ছাত্রনেতারা বিশ্ববিদ্যালয় অভিমুখে পদযাত্রা করবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।
প্রেসক্লাবের সামনে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব আয়োজিত মানববন্ধনে নেতারা অভিযোগ করেন খালেদা জিয়াকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না।
এদিকে, বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ঐক্যফ্রন্ট ও জামাতকে নিয়ে সমালোচনা হয়েছে।
এতে দ্বিমত পোষণ করে কোনো কোনো নেতা বলেন, জামাত দলের বোঝা হয়ে দাঁড়িয়েছে কথাও উঠ আসে।
বৈঠকে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপে যোগ দেন।