দলকে সুসংগঠিত করেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলে পুনর্গঠনের কাজ চলছে।
শনিবার দুপুরে মানিকগঞ্জ বিএনপির সাবেক মহাসচিব খন্দোকার দেলোয়ার হোসেনের ৮ম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।
এদিকে, সকালে শের-এ বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সম্প্রতি প্রকাশিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন নিয়ে বলেন, এই প্রতিবেদনে বাংলাদেশের নির্বাচন ও মানবাধিকার লঙ্ঘণের বিষয়গুলো স্পষ্টভাবে ফুটে উটেছে।
গ্যাসের দাম বাড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করে এ সময় সরকারের নানা সমালোচনাও করেন বিএনপির এই নেতা।
আর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে দলের সিনিয়র যুগ্মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করেন, আইন আদালতকে কুক্ষিগত করে খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছে সরকার।
জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারকে প্রতিহত করার হুঁশিয়ারিও দেন তিনি।
এছাড়াও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বাংলাদেশের নির্বাচন ও মানবাধিকার লঙ্ঘনের প্রকৃত চিত্র ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির অন্য নেতারা । আইন-আদালত কুক্ষিগত করে সরকার বিএনপি নেত্রি খালেদা জিয়াকে কারাবন্দী করে রেখেছে বলেও অভিযোগ করেছেন নেতারা।