দেশে গণতন্ত্র নেই— জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে ঘুষ-দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে –এ মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
মঙ্গলবার মহান স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ড. কামাল হোসেন বলেন, দেশের মালিক জনগণ, নির্ভেজাল গণতন্ত্র বাস্তবায়ন করে দেশের ক্ষমতা জনগণকে বুঝিয়ে দিতে হবে। স্বাধীনতার ৪৮ বছরে সংবিধানের ১৬ আনা বাস্তবায়নের দাবি জানাচ্ছি।
দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে হবে—আর এজন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণকে সংগঠিত হয়ে সব কিছু অর্জন করতে হবে জানান তিনি।
এদিকে, জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান।
শ্রদ্ধা জানানো শেষে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, স্বাধীনতার ৪৮ বছরেও ধর্মের অপব্যবহার চলছে। উন্নত বাংলাদেশ গড়তে ধর্মের অপব্যবহার বন্ধ করতে হবে।