সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সিলেট-২ আসনে নির্বাচিত সাংসদ গণফোরাম নেতা মোকাব্বির খান।
মঙ্গলবার বেলা সোয়া ১২টায় স্পিকারের সংসদ কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময়, তাঁকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। এ সময়, সংসদ সদস্যের নির্বাচনি এলাকার নেতৃবৃন্দ ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গতকাল সোমবার মোকাব্বির খান শপথ গ্রহণের বিষয়ে সংসদ সচিবালয়ে চিঠি পাঠান। এরই প্রেক্ষিতে সংসদ সচিবালয় এ শপথ অনুষ্ঠানের আয়োজন করে। সেই সঙ্গে, দলীয় সিদ্ধান্তেই শপথ নিচ্ছেন বলে ডিবিসি নিউজকে নিশ্চিত করেন মোকাব্বির খান।
এর আগে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নেন গণফোরামের আরেক নেতা সুলতান মোহাম্মদ মনসুর। পরে, তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে, মোকাব্বির খান বলেন, 'দলীয় সিদ্ধান্ত মোতাবেক নিচ্ছি।'
গত ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে গণফোরামের দলীয় প্রতীক 'উদীয়মান সূর্য' নিয়ে নির্বাচিত হন মোকাব্বির খান। বিএনপির জোটসঙ্গী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন গণফোরামের দুই নেতা সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান।
ধানের শীষ প্রতীকে নির্বাচন করে জয়ী হওয়া সুলতান মনসুর গেল ৭ই মার্চ শপথ নিয়ে এরই মধ্যে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। ওই সময় মোকাব্বির খানও শপথ নেবেন বলে জানালেও শেষ পর্যন্ত তিনি পিছু হটেন।