দেশে আইনের শাসন সমুন্নত রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা জরুরি বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
মঙ্গলবার বিকালে দলের প্রচার উপ কমিটির একসভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী অভিযোগ করেন, বিদেশে পলাতক দণ্ডপ্রাপ্ত এই আসামিকে রাজনৈতিক সুরক্ষা দেয়ার চেষ্টা বিএনপির রাজনৈতিক দীনতারই বহিঃপ্রকাশ।
বিএনপি নেতাদের মধ্যে পরস্পরের প্রতি এখন সন্দেহ আর অবিশ্বাস কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বিকালে দলের ধানমন্ডি কার্যালয়ে সভা করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
সভার সূচনা বক্তব্যে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।
তিনি জানান, তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার— কিন্তু বিএনপি তাকে রাজনৈতিক সুরক্ষা দেয়ার চেষ্টা করছে।
বিএনপি নেতাদের একে অপরের মধ্যে সন্দেহ-অবিশ্বাস কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধীতাকারীদের শোকজের চিঠি দেয়া শুরু হয়েছে জানিয়ে হাছান মাহমুদ জানান, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না করার ব্যাপারে কেন্দ্রীয় কমিটিতে এখনো কোনো আলোচনা হয়নি।