প্যারোলে মুক্তির বিষয়টি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার পরিবারের ওপর নির্ভর করছে এখানে দলীয়ভাবে কিছু করার নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল বলেন, দলীয় নেতাকর্মীদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সরকার পতন আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া।
সোমবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ওলামা দলের আহবায়ক কমিটি গঠন উপলক্ষে সকালে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান দলের নেতা-কর্মীরা। সেখানে তাদের সঙ্গে এসে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে সাংবাদিকরা খালেদা জিয়ার স্বাস্থ্য এবং তার প্যারোলে মুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্যারোলে মুক্তি চাওয়ার বিষয়টি বিএনপি চেয়ারপারসন এবং তার পরিবারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে এখানে দলের কোনো ভূমিকা নেই।
বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা কেউ সংসদে যাচ্ছেন না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে সরকার পতন আন্দোলনের জন্য নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন খালেদা জিয়া।