বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
মঙ্গলবার সকালে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে জাতীয় স্বাস্থ্য সেবা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, বিএনপির লক্ষ্য খালেদা জিয়ার সুচিকিৎসা নয়, তাদের লক্ষ্য চিকিৎসা নিয়ে রাজনীতি করা। খালেদা জিয়ার চিকিৎসা দেশের সবচেয়ে উন্নত সেবাদানকারী প্রতিষ্ঠানে হচ্ছে।
খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করার বিএনপির দাবির বিষয়ে তিনি বলেন, মেডিকেল বোর্ড যদি মনে করে তাহলে তার উন্নত চিকিৎসার প্রয়োজনে প্যারোলে মুক্তির বিষয়টি সরকার বিবেচনা করতে পারে। কিন্তু প্যারোলে মুক্তির বিষয়টি খালেদা জিয়ার একান্ত ব্যক্তিগত। এটি দলীয় বিষয় নয়।
তিনি আরো বলেন, বিএনপি ফেনীর নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ড নিয়েও রাজনীতি করছে। এটা দুঃখজনক।