বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্যারোলে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেননি বলে তথ্য দিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে চিকিৎসার জন্য বিএনপি নেত্রী লন্ডনে যাচ্ছেন-গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের কোন ভিত্তি নেই বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিউনের বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী খালেদা জিয়া অসুস্থ এটা তার একটা বিষয়, আরেকটা তার পরিবারের বিষয়।
খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে গণমাধ্যমকর্মীদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, পরিষ্কার করে বলতে চাই- খালেদা জিয়া প্যারোলের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি। গত কয়েক দিন ধরে এ বিষয়টি নিয়ে মিডিয়ায় আলোচনা হচ্ছে। আজকে একটি ইংরেজি দৈনিক প্যারোলের দিন, তারিখ দিয়ে সংবাদও ছেপেছে। এটা বলছি- এটি ভিত্তিহীন।
এ সময় এ বিষয়ে যেসব গণমাধ্যমে খবর আসছে তা ভুল এবং ইয়োলো জার্নালিজম বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।