দলের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে শুদ্ধি অভিযানে নামছে আওয়ামী লীগ— এ মাসেই সারাদেশে সাংগঠনিক সফরে বের হচ্ছে ৮টি বিভাগীয় টিম।
তাদের লক্ষ্য মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন করা, পূর্ণাঙ্গ কমিটি গঠন আর বিএনপি-জামাত থেকে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।
নেতারা বলেন, টানা ১০ বছর ক্ষমতায় থাকায় দলে আদর্শবিরোধী অনেক অনুপ্রবেশকারী ঢুকেছে, যারা বিভিন্ন সময়ে দলের ভাবমূর্তি নষ্ট করছে। এদের বিরুদ্ধে চলবে শুদ্ধি অভিযান, তাদেরকে যারা দলে জায়গা করে দিয়েছে, সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে তাদের বিরুদ্ধেও।
আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে গত কয়েক বছর ধরে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে অনুপ্রবেশকারীরা। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে তা আরো প্রকট হয়ে দেখা দেয়। বেশিরভাগ উপজেলাতেই নৌকার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেয় দলের নেতাকর্মীরা। সম্প্রতি ফেনীতে নুসরাত জাহান রাফির অগ্নিদগ্ধে হত্যার ঘটনায় সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতির নাম উঠে আসে। প্রশ্ন আসছে, তাহলে কি তৃণমূলে বিশৃঙ্খল আওয়ামী লীগ?
এরই মধ্যে দলের এক যৌথসভায় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলকে তৃণমূল থেকে ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন।
টানা দশ বছর ক্ষমতায় থাকায় অনেক সুবিধাবাদী দলে ঢুকেছে এ বাস্তবতা মেনে নিয়ে নেতারা বলেন সময় এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বলে জানান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
তৃণমূলে দলকে ঢেলে সাজাতে ইতিমধ্যে ৮ বিভাগের জন্য ৮টি টিম করা হয়েছে। এ মাসের শেষে সাংগঠনিক সফরে বের হবে টিমগুলো। ঈদের পর পুরোদমে সারাদেশ সফর করবেন নেতারা বলে জানান তিনি।
অক্টোবরে শেষ হচ্ছে আওয়ামী লীগের বর্তমান কমিটির মেয়াদ।
নেতারা বলেছেন, তৃণমূলের সম্মেলন সম্পন্ন করে যথাসময়েই হবে দলের একুশতম জাতীয় সম্মেলন।